সামাজিক সংহতি বাড়াতে জেলা পর্যায়ের সভায় গুজব ও অপতথ্য রোধে সতর্ক থাকার আহ্বান
খুলনা ব্যুরো :
সামাজিক কোহেশন নেটওয়ার্ক (এসসিএন)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ের পরামর্শ সভা ৪ মে সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা গুজব, অপতথ্য ও ভুলতথ্য প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তারা বলেন, অনলাইনে ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে; তাই সঠিক তথ্য প্রচার ও ফ্যাক্ট-চেকিং উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
সভায় শ্রম বৈষম্য, নারী নির্যাতন, যৌতুকপ্রথা, বহুবিবাহ ও ভূমি অপরাধসহ দীর্ঘদিনের সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকা এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান ও মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা বক্তব্য দেন। অনুষ্ঠানে সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শাহদত হোসেন বাচ্চু।
পরামর্শ সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, যুব ও নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় গুজব প্রতিরোধ, সংলাপ বৃদ্ধি, সামাজিক আস্থা গড়ে তোলা এবং শান্তিপূর্ণ সমাধান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।