বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবা উদ্ধারসহ আটক ২

 প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবা উদ্ধারসহ আটক ২

মাসুদ আল হাসান, খুলনা :

বাগেরহাটে পৃথক দুটি অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২ মে) সকালে খানজাহান আলী মাজার মোড়স্থ জারিফ হোটেলের সামনে পার্বতী ট্রাভেলস লিমিটেডের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তেলের ট্যাংকের পেছন থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের চালকের সহযোগী (হেলপার) রবিউল ইসলাম (২৪)কে আটক করা হয়। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার গোলবুনিয়া আমড়াগাছি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে শহরের বিআরটিএ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে বাহাদুর হাওলাদার (২৫) নামের আরেক মাদক কারবারিকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে রায়েন্দাগামী যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। অপর অভিযানে বাহাদুর হাওলাদার ইজিবাইকে ওঠার সময় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

দুই ঘটনায় পৃথক মামলা দায়ের করে আটক আসামি ও জব্দকৃত আলামত আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement