মোংলা পৌরসভার নতুন নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

 প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন   |   খুলনা

মোংলা পৌরসভার নতুন নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

খুলনা ব্যুরো :

মোংলা পোর্ট পৌরসভার নতুন নিজস্ব ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন মোংলা-রামপাল বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের পুরাতন রিমঝিম সিনেমা হল চত্বরে প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ ভবনের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মোংলা পৌরসভার যৌথ অর্থায়নে তিনতলা বিশিষ্ট আধুনিক পৌর ভবনটি নির্মাণ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

পৌর নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকে মোংলা পোর্ট পৌরসভার কার্যক্রম দীর্ঘদিন ভাড়া ভবনে পরিচালিত হয়ে আসছিল। প্রতিষ্ঠার ৫১ বছর পর নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হলো। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৌকত এন্টারপ্রাইজ আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, নতুন ভবন নির্মিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা এক ছাদের নিচে পাওয়া যাবে। এতে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও কর প্রদানসহ বিভিন্ন সেবা দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান সম্ভব হবে এবং নাগরিক ভোগান্তি কমবে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবনটি মোংলা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
Advertisement