বাগেরহাটে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতি

 প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতি

খুলনা ব্যুরো

বাগেরহাট শহরে আকস্মিক দমকা ঝড়ে শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এক মিনিটেরও কম সময় স্থায়ী ঝড়ে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে হালকা বৃষ্টির পর রাত ১১টা ৪১ মিনিটে হঠাৎ তীব্র দমকা বাতাস বয়ে যায়। এতে শালতলা, সাধনার মোড়, পুরাতন কোর্ট মসজিদ এলাকা, রেলরোড, প্রেসক্লাব ও লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে ঘরবাড়ির টিনের ছাউনি উড়ে যায় এবং বহু গাছ উপড়ে পড়ে। পাকা ভবনের জানালার কাঁচ, এসির আউটডোর, বিলবোর্ড ও বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন এলাকাবাসী।

ঝড়ে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জেলা প্রশাসকের বাংলোর একটি কক্ষের চালের টিন উড়ে যায় এবং আশপাশের গাছপালা ভেঙে পড়ে। বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা শুক্রবার সকালে গাছ অপসারণ করে সড়ক চলাচল স্বাভাবিক করেন। বিদ্যুৎ বিভাগ রাত থেকেই মেরামত কাজ শুরু করে এবং শুক্রবার দুপুরের মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ঝড়ে কেউ হতাহত হয়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শাওন হোসেন অনিক বলেন, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement