খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীতে পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সাইকেলের জন্য আলাদা লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নগরীতে নিরাপদ যাতায়াত বৃদ্ধি পাবে এবং যানজট ও দুর্ঘটনা কমবে।
শুক্রবার ১ মে দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে আকিজ বাই সাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিস্টের সহযোগিতায় আয়োজিত সাইকেল র্যালি ও স্টান্ট শো প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
কেসিসি প্রশাসক বলেন, পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে সাইকেল ব্যবহারের গুরুত্ব বাড়াতে হবে। পৃথক সাইকেল লেন চালু হলে বায়ুদূষণ হ্রাস পাবে, জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং নগরবাসীর জন্য টেকসই পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে।
এর আগে সাইকেল র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে খুলনা বিভাগের প্রথম সাইকেল স্টান্ট শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চোখধাঁধানো পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ।
অনুষ্ঠান পরিচালনা করেন নাইম খান, মাহাথির মো. অথৈ ও সায়েদ খান। এতে নড়াইল সাইক্লিস্ট, নওয়াপাড়া স্টান্ট রাইডার, বসুন্দিয়া সাইক্লিস্ট ও অভয়নগর সাইক্লিস্টসহ বিভিন্ন সাইক্লিং গ্রুপ অংশ নেয়। খুলনা সাইক্লিস্টের এডমিন রেজা উর রহমান ও কাজী সাদিকসহ সংগঠনের পরিচালনা কমিটি সার্বিক দায়িত্ব পালন করেন।
শেষে আকিজ বাই সাইকেলের পক্ষ থেকে কেসিসি প্রশাসক প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে ৪ হাজার টাকা, রানারআপকে ২ হাজার ৫০০ টাকা এবং দ্বিতীয় রানারআপকে ১ হাজার ৫০০ টাকা পুরস্কার প্রদান করেন।