ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমে সমন্বয় বাড়ালে নগর সমস্যার সমাধান সহজ হবে: কেসিসি প্রশাসক

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন   |   খুলনা

ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমে সমন্বয় বাড়ালে নগর সমস্যার সমাধান সহজ হবে: কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো :

মহানগরীতে ওয়ার্ল্ড ভিশনের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক  সভা ৩০ এপ্রিল বৃহস্পতিবার নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা শহর এরিয়া প্রোগ্রাম ও উইমেন ইকোনোমিক এমপাওয়ারমেন্ট (ডব্লিউইই) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ সভার আয়োজন করে। সংস্থাটি নগরীর সুবিধাবঞ্চিত শিশু, দরিদ্র পরিবার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, বন্দর ও শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনা মহানগরীতে দেশের প্রায় ৪২টি জেলার মানুষের বসবাস রয়েছে এবং এদের বড় একটি অংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী। দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর জীবনযাত্রা সম্পর্কে অর্জিত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের তৃতীয় বৃহত্তম এ নগরীতে নাগরিক সমস্যার সংখ্যা অনেক এবং এসব সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। নগরীতে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা গেলে বহু নাগরিক সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় বক্তারা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্য শিক্ষা জোরদার করা, নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের অভ্যাস গড়ে তোলা, নিম্নআয়ের মানুষের বসতিতে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে কোনো শিশু যাতে বাদ না পড়ে সে বিষয়ে নিবিড় মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বয়োবৃদ্ধদের জন্য হুইলচেয়ার এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাদা ছড়ি সরবরাহ কর্মসূচি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

ওয়ার্ল্ড ভিশন-খুলনার সিনিয়র ম্যানেজার লিটন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।

এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কেন্দ্রীয় ম্যানেজার (হেলথ, নিউট্রিশন অ্যান্ড ওয়াশ) ডা. সন্তোষ কুমার দত্ত এবং লাইভলিহুড এক্সটার্নাল এনগেজমেন্ট, ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড আরবান লাইভলিহুড ম্যানেজার মো. রুহুল আমিন সরকার বক্তব্য দেন।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প কর্মকর্তা আবেদা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সময়েল সোম। কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement
Advertisement