খুলনা ৩ এপিবিএন সাইবার ইউনিটের সফলতা: ৮৪ মোবাইল উদ্ধার, প্রতারণার টাকা ফেরত

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন   |   খুলনা

খুলনা ৩ এপিবিএন সাইবার ইউনিটের সফলতা: ৮৪ মোবাইল উদ্ধার, প্রতারণার টাকা ফেরত

খুলনা ব্যুরো :

সাইবার অপরাধ দমন ও হারানো মালামাল উদ্ধারে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে ৩ এপিবিএন, খুলনার অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট।

৩ এপিবিএন খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় ইউনিটটি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার এবং ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্রতারণা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে কাজ করছে।

অধিনায়কের দিকনির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার মোঃ আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এপ্রিল ২০২৬ মাসে বিভিন্ন থানায় দায়ের করা জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে ৮৪টি হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে বিকাশ প্রতারণার ৫৮ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইল ও অর্থ অদ্য প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন অধিনায়ক।


এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত ১৪৫টি অভিযোগ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ১০৮টি অভিযোগের সন্তোষজনক সমাধান করা হয়েছে। সাইবার ইউনিট দুইটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং এক ভিকটিম উদ্ধারে তথ্য সহায়তা প্রদান করেছে। পাশাপাশি অনলাইন প্রতারণা ও সাইবার বুলিংয়ের শিকার ব্যক্তিদের আইনি সহায়তাও দেওয়া হয়।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অধিনায়ক এম. এম. সালাহউদ্দীন বলেন, জনসাধারণের সহযোগিতা অব্যাহত থাকলে আরও বেশি ভুক্তভোগীকে আইনি সেবা প্রদান সম্ভব হবে।

Advertisement
Advertisement
Advertisement