শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন   |   খুলনা

শ্যামনগরে মাছের ঘেরের রান্নাঘর থেকে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে একটি মাছের ঘেরের বাসা থেকে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ ও পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মাছের ঘের থেকে প্রায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে কিছু বহিরাগত ব্যক্তি ওই মাছের প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে রাস্তার কাজ করছিল। তারা নিয়মিত মাংস রান্না করলেও কী মাংস রান্না করা হতো, তা স্থানীয়রা জানতেন না। হঠাৎ করে বনবিভাগ ও পুলিশের অভিযানে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মাছের প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, তার ঘেরে ভেকু মেশিন দিয়ে কাজ করছিল কিছু শ্রমিক, যাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। ভেকু মেশিন মালিকদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানান তিনি। শ্রমিকরা কী খাচ্ছিল বা রান্না করছিল, সে বিষয়ে তিনি অবগত নন বলেও দাবি করেন।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement