সুন্দরবনের সম্পদ রক্ষায় এক বছরে ২৭৪ মামলা, আটক ৪৯৪
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান জোরদার করেছে বন বিভাগ। গত এক বছরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৭৪টি মামলা দায়ের এবং ৪৯৪ জনকে আটক করা হয়েছে।
খুলনা রেঞ্জ সূত্র জানায়, চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে ৩৩টি মামলা দায়ের করা হয় এবং বিভিন্ন অপরাধে ৮৬ জনকে আটক করা হয়। ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত ১৭৪ জন আসামিকে আটক করা হয়েছে।
নিষিদ্ধ টিলা সংগ্রহ, গোলপাতা পাচার, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী শিকার, অবৈধ মাছ আহরণ ও কাঠ পাচারসহ নানা অপরাধে এসব মামলা করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে বড় পরিসরে অভিযান পরিচালনার ফলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হার বেড়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাসানুর রহমান বলেন, জনবল সংকট ও নৌযান সমস্যার কারণে কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ রয়েছে। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের জন্য নিয়মিত মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হলেও পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায় না। তবুও বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
গত তিন মাসে পরিচালিত ৯টি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত একাধিক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ২৫টি শিকার সরঞ্জাম, ২২টি নৌকা, কয়েকটি ট্রলার এবং অবৈধভাবে ধরা মাছ জব্দ করা হয়েছে।
বন বিভাগ জানায়, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল জোরদার করায় বনজ সম্পদ রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।