খুলনায় ১৫ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ১
মাসুদ আল হাসান, খুলনা :
খুলনা মহানগরীর হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে কোডিন ফসফেটযুক্ত ১৫ বোতল নিষিদ্ধ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকার বিল্লাল ভল্কানাইজিংয়ের সামনে পাকা সড়কে চেকপোস্ট চলাকালে মো. আলিমূদ্দীন হোসেন সজিব (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের মৃত ফটিক গাজীর ছেলে। বর্তমানে যশোর সদর উপজেলার চরক নওয়াপাড়া এলাকায় বসবাস করছিলেন।
এ সময় তার কাছ থেকে ১৫ বোতল কোডিন ফসফেটযুক্ত WINCEREX সিরাপ জব্দ করা হয়।
এ ঘটনায় হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।