স্কুলে ক্লাস চলাকালে গাছ ভেঙে পড়ে ২ শিক্ষার্থী আহত

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন   |   খুলনা

স্কুলে ক্লাস চলাকালে গাছ ভেঙে পড়ে ২ শিক্ষার্থী আহত

খুলনা ব্যুরো :

নড়াইলের কালিয়া পৌরসভার একটি কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস চলাকালে ঝড়ে নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডার গার্টেন বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ক্লাস চলার সময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা একটি পুরনো নারিকেল গাছ ভেঙে টিনশেড শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সিয়াম শেখ (১১) ও মাজেদুল ইসলাম (৯) নামে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সিয়াম শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে ঝুঁকিপূর্ণ গাছটি দীর্ঘদিন অপসারণ না করায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তোলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের কাগজপত্র তলব করা হয়েছে এবং গাফিলতির প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement