বাগেরহাটে হাইব্রিড হীরা –৯ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
বাগেরহাটের চিতলমারী উপজেলায় মঙ্গলবার হাইব্রিড হীরা ধান–৯ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টেকেরবাজার গ্রামে কৃষক সঞ্জয় টিকাদারের প্রদর্শনী ক্ষেতের পাশে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষক সুধাংশু শেখর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের জোনাল ম্যানেজার কৃষিবিদ মো. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির চিতলমারী পরিবেশক মো. রেজাউল করিম মাঝি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরোজ কুমার বাগচি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম সুলতান সাগর, সাংবাদিক সুবল কর্মকার এবং কৃষক কালাম হোসেন কেনাই মুন্সি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. মাসুম বিল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন টেরিটরি ম্যানেজার মো. মিজানুর রহমান। মাঠ দিবসে এলাকার দুই শতাধিক ধান চাষি অংশগ্রহণ করেন।
সভায় হীরা–৯ জাতের হাইব্রিড ধানের উৎপাদনশীলতা ও লাভজনক দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি কৃষিবিদ মো. মশিউর রহমান বলেন, হীরা–৯ জাতের ধানে চিটা থাকে না, ধানের বাইলের দৈর্ঘ্য প্রায় ১০ ইঞ্চি এবং প্রতিটি শীষে গড়ে প্রায় ৩৮৫টি ধান পাওয়া গেছে। প্রতি শতক জমিতে এক মণের বেশি ফলন সম্ভব হওয়ায় এ জাতের ধান চাষে কৃষক লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।