সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
আগামী ২ মে অনুষ্ঠিতব্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে সাতক্ষীরায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ করে গড়ে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয়ব হাসান শামসুজ্জামান এবং জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ব্রিফিংয়ে অংশ নেন।
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২ মে অনুষ্ঠিতব্য এ ক্রীড়া আয়োজনকে সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়াবিদরা এতে অংশগ্রহণ করবে এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করবে।
আয়োজকরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।