উলশী খাল পুনঃখনন উদ্বোধন __ নিজ হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন   |   খুলনা

উলশী খাল পুনঃখনন উদ্বোধন __    নিজ হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাসুদ আল হাসান, খুলনা :

যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক উলসী খাল (জিয়ার খাল) পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে তিনি খাল খনন স্থলে পৌঁছান এবং খালের ওপর নির্মিত উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে যশোরের শার্শার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি খনন করেছিলেন, যা ‘জিয়ার খাল’ নামে পরিচিত। দীর্ঘদিন পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে খালটি পুনঃখনন করা হচ্ছে।

উদ্বোধনী ফলকে উল্লেখ করা হয়েছে, “যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়ার খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান, এমপি, মাননীয় প্রধানমন্ত্রী—২৭ এপ্রিল ২০২৬।” পাশাপাশি ১৯৭৬ সালের ঐতিহাসিক উদ্বোধনের স্মারক ফলকও স্থাপন করা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শা ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোর থেকেই হাজারো মানুষ ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন। খালে নেমে প্রধানমন্ত্রী স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত জনতা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত করে তোলে পরিবেশ।

স্থানীয়রা জানান, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

Advertisement
Advertisement
Advertisement