কুয়েটে আইকিউএসি’র উদ্যোগে দিনব্যাপী ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাসুদ আল হাসান, খুলনা :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ.বি.এম. আওলাদ হোসেন এবং সঞ্চালনা করেন আইকিউএসি-এর উপ-পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, অগ্নি-নিরাপত্তা শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণের বিষয় নয়; এটি দৈনন্দিন সচেতনতা, দায়িত্ববোধ ও প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পূর্ব সতর্কতা ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। তাই সবাইকে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতন থাকা, নিরাপত্তা বিধি মেনে চলা এবং অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহারে দক্ষ হওয়ার আহ্বান জানান তিনি। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করেন উপাচার্য।
সভাপতির বক্তব্যে আইকিউএসি পরিচালক প্রফেসর ড. এ.বি.এম. আওলাদ হোসেন বলেন, অগ্নি-নিরাপত্তা এখন সময়ের গুরুত্বপূর্ণ বিষয়, যা শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমন্বিত সচেতনতা ও দক্ষতার ওপর নির্ভরশীল। বিশ্ববিদ্যালয়ের মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাকে সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ আবু বাকের জামান, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ কউছার আলী এবং মোঃ নাজমুছ সাদাত।