খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, সড়ক অবরোধ ও বিক্ষোভ
খুলনা ব্যুরো :
খুলনায় খুলনা প্রেসক্লাব-এ ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাব নির্বাচনের প্রচারণা চলাকালে একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা সভাপতি প্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ শুরু করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি মো. তরিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকজন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।
ঘটনার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপি-এর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
সাংবাদিক নেতৃবৃন্দ জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়।