খুলনায় জুট মিল চালুর দাবিতে শ্রমিকদের ধর্মঘট পালন
খুলনা ব্যুরো :
বকেয়া পাওনা পরিশোধ, লে-অফ প্রত্যাহার এবং বন্ধ সরকারি জুট মিল পুনরায় চালুর দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট করেছেন দৌলতপুর জুট মিলের শ্রমিকরা।
রবিবার ২৬ এপ্রিল দুপুরে নগরীর খালিশপুরে দৌলতপুর জুট মিলের প্রধান ফটকের সামনে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কারখানা কমিটির সভাপতি জয়নাল আবেদিন।
শ্রমিক নেতারা বলেন, ফরচুন গ্রুপের লিজ ব্যবস্থা বাতিল এবং ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি লিমিটেডের কাছে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি লে-অফ করা সরকারি জুট মিলগুলো পুনরায় চালু করে পাটশিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু দাউদ বিন মুহাম্মদ, শ্রমিক নেতা খলিলুর রহমান ও কারখানা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদসহ অন্যান্য শ্রমিক নেতারা।