কুয়েটে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ পালিত

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ পালিত

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “মেধাস্বত্ব ও ক্রীড়া: প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো” (IP and Sports: Ready, Set, Innovate)।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে রবিবার সকাল সোয়া ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

র‍্যালির উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর বলেন, মেধাস্বত্ব সুরক্ষা উদ্ভাবন ও সৃজনশীল কার্যক্রমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ধারণা ও প্রযুক্তিকে সুরক্ষার আওতায় আনলে উদ্ভাবকদের মধ্যে আস্থা বৃদ্ধি পায় এবং গবেষণাভিত্তিক উদ্যোগ সম্প্রসারিত হয়।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া খাতেও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব ক্রমেই বাড়ছে। ক্রীড়াবিজ্ঞান, তথ্য বিশ্লেষণ, সরঞ্জাম উন্নয়ন ও সম্প্রচার ব্যবস্থায় মেধাস্বত্বের যথাযথ প্রয়োগ এ খাতকে আরও গতিশীল করে তুলছে। তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে মেধাস্বত্বভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সার। তিনি বলেন, মেধাস্বত্ব সুরক্ষা উদ্ভাবন ও সৃজনশীলতাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ক্রীড়া উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Advertisement
Advertisement
Advertisement