কুয়েটে জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ সমাপ্ত
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ শেষ হয়েছে। “ইগনাইট ইয়োর পটেনশিয়াল” প্রতিপাদ্যে ২৩ থেকে ২৫ এপ্রিল অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে ফেস্টিভ্যালের কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, কো-কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলীসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও প্রয়োগভিত্তিক জ্ঞান অর্জন জরুরি। ‘ইগনিশন-২০২৬’ শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফেস্টিভ্যালটি উদ্ভাবন ও জ্ঞান-বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
তিন দিনব্যাপী এ ফেস্টিভ্যালে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা মেধা ও উদ্ভাবনী দক্ষতার স্বাক্ষর রাখেন। এবারের আয়োজনে মোট ৬ লাখ টাকার প্রাইজপুল বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।
ফেস্টিভ্যালে সকারবট, লাইন ফলোয়ার রোবট, সিএডি কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট থিসিস, মেকানিক্স ও অটোমোবাইল অলিম্পিয়াড, বিজনেস কেস স্টাডি, অ্যাড মেকিং, ফিফা ও কনটেন্ট রাইটিংসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মতে, ‘ইগনিশন-২০২৬’ দেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্য উদ্ভাবন, প্রযুক্তি চর্চা ও প্রতিযোগিতামূলক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।