বাগেরহাটে যৌথ ব্যবসা নিয়ে সংবাদ সম্মেলন
খুলনা ব্যুরো :
বাগেরহাটে যৌথ ব্যবসা প্রতিষ্ঠান দখল ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. শফিকুল ইসলাম।
শনিবার ২৫ এপ্রিল বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, তিনি তার মামার সঙ্গে যৌথভাবে “মোল্লা হার্ডওয়ার স্টোর” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ ১৭ বছর ধরে পরিচালনা করে আসছেন। ব্যবসা প্রতিষ্ঠানের ০.৫২৭ একর জমির মধ্যে তার এক-তৃতীয়াংশ মালিকানা রয়েছে বলে তিনি দাবি করেন।
শফিকুল ইসলামের অভিযোগ, তার অংশীদার প্রতিষ্ঠানটি এককভাবে পরিচালনা করছেন এবং তাকে কোনো হিসাব বা লভ্যাংশ দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, হিসাব চাইতে গেলে তাকে হুমকি দেওয়া হয় এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তা ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে, যা তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানান।