কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ির আশ্বাস আইজিপির
মাসুদ আল হাসান, খুলনা :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন বিষয়ে ২৫ এপ্রিল শনিবার কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” অনুষ্ঠানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় কুয়েট ক্যাম্পাস ও আশপাশ এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
এ সময় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান। প্রেক্ষিতে আইজিপি দ্রুত সময়ের মধ্যে ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন এবং কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
সাক্ষাৎকালে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম এবং খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।