দাকোপে সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ
খুলনা ব্যুরো :
খুলনার দাকোপ উপজেলায় সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে একটি মিষ্টির দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ৭-৮ জনের একটি দলের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পানখালি ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে কামাল শেখের মিষ্টির দোকানে মোটরসাইকেলযোগে কয়েকজন ব্যক্তি এসে নিজেদের সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। তারা দোকানের খাবার অস্বাস্থ্যকর দাবি করে ২০ হাজার টাকা জরিমানা দাবি করেন।
পরে দরকষাকষির একপর্যায়ে ৩ হাজার টাকা নেওয়ার পর তারা দ্রুত স্থান ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর ছেলে রাজিব শেখ দাকোপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দৌলতপুর এলাকার বাসিন্দা এবং নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন। তাদের মধ্যে কথিত সাংবাদিক এনাম ও রাজু আহম্মেদ তপনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
দাকোপ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে অভিযোগকারী রনি শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান, ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না।
স্থানীয় সচেতন মহল ভুয়া পরিচয়ে এ ধরনের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।