খুবিতে আকস্মিক ক্লাস পরিদর্শনে উপাচার্য
খুলনা ব্যুরো :
খুলনা বিশ্ববিদ্যালয়–এর তিনটি ডিসিপ্লিনের ক্লাসরুম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ক্লাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোযোগ, পাঠ্যবিষয়বস্তু ও ল্যাব ব্যবহারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞানচর্চা, দক্ষতা অর্জন ও মানবিক মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপাচার্য আরও বলেন, আধুনিক যুগের চাহিদা পূরণে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন অপরিহার্য। ক্লাসে সক্রিয় অংশগ্রহণ ও ল্যাবভিত্তিক শিক্ষায় আগ্রহ বাড়ানোর আহ্বান জানান তিনি।