যশোরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ আটক

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন   |   খুলনা

যশোরে শাশুড়িকে হত্যার দায়ে  পুত্রবধূ আটক

খুলনা ব্যুরো :

যশোর শহরের বেজপাড়া এলাকায় শাশুড়িকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে রাখার অভিযোগে এক পুত্রবধূকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত সকিনা বেগম (৬০) স্থানীয় বাসিন্দা লাল চাঁদ খলিফার স্ত্রী।পুলিশ জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার সময় শহিদুল ইসলামকে তার স্ত্রী মরিয়ম খাতুন বাইরে থেকে খাবার খেয়ে নিতে বলেন এবং জানান তার মা বাইরে গেছেন। রাতে বাসায় ফিরে মায়ের খোঁজ করলে একই কথা বলায় শহিদুল ইসলামের সন্দেহ হয়। পরে তিনি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির সামনে রাখা একটি বস্তা থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, তুচ্ছ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মরিয়ম খাতুন ধারালো দা দিয়ে শাশুড়িকে হত্যা করেন। হত্যার পর মরদেহ বস্তায় ভরে লুকিয়ে রাখা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা দা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement