খুলনায় সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেন; কেসিসি প্রশাসক

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেন; কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো :

দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে আয়বৃদ্ধিমূলক দর্জিবিজ্ঞান কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২২ এপ্রিল) সকালে খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ১৪ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে নারীদের আয়মুখী কাজে সম্পৃক্ত করা গেলে তাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব। এ ধরনের উদ্যোগ সমাজে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা, জেলা উপআঞ্চলিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং কেসিসির সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সহকারী পরিচালক বনশ্রী ভান্ডারী।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement