সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানি শক্তি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানি শক্তি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ এখন বড় ধরনের ঝুঁকির মুখে। এ পরিস্থিতি মোকাবেলায় বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে সাতক্ষীরায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে শহরের কাটিয়া এলাকার স্বদেশ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-সাতক্ষীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সদস্য সচিব মানব চন্দ্র দত্ত। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় এখনই নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈশ্বিক জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা সম্ভব, অন্যদিকে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

বক্তারা নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement