খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্ধোধন করলেন কেসিসি প্রশাসক

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্ধোধন করলেন কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো :

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। সোমবার সকালে নগরীর কাস্টমঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে একটি শিশুকে টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশজুড়ে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। কোভিড-১৯ মোকাবেলার মতো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের এ ভাইরাসজনিত সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন কেসিসি প্রশাসক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় পরিচালিত এ ক্যাম্পেইন খুলনা মহানগরীতে ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২০ মে পর্যন্ত চলবে। প্রথম আট কর্মদিবসে নগরীর স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে এবং পরবর্তী ছয় কর্মদিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে।

কর্মসূচি বাস্তবায়নে মহানগরীর ৩১টি ওয়ার্ডকে চারটি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ৩৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২৫৬টি টিকাদান কেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১৪৪ জন টিকাদান কর্মী ও ২০৬ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত ৮২টি টিম দায়িত্ব পালন করবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, উপপুলিশ কমিশনার (অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ, স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, থানা শিক্ষা অফিসার মো. শাহজাহানসহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement