খুলনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খুলনা ব্যুরো :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার খুলনায় অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ হুরে জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আলীমুজ্জামান, বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন, মো. বেলাল হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক নির্বাচক মেহেরাব হোসেন অপি, মো. ইলিয়াছ সানি ও এস এম আজাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার গড়ে তুলতে বয়সভিত্তিক ক্রিকেট আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইয়ং টাইগার্স কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেধাবী খেলোয়াড় উঠে আসছে, যা ভবিষ্যতে জাতীয় ক্রিকেটের শক্ত ভিত গড়ে তুলতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলার বিভিন্ন দলের অংশগ্রহণকারী উদীয়মান কিশোর ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে সম্ভাবনাময় ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে ভবিষ্যৎ জাতীয় পর্যায়ের খেলোয়াড় বাছাই করা হবে।