বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢোকা চিত্রা হরিণ উদ্ধার

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন   |   খুলনা

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢোকা চিত্রা হরিণ উদ্ধার

খুলনা ব্যুরো :

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুরপাড়ে হরিণটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।

বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় হরিণটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, উদ্ধার করা হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে।

উদ্ধারের পর হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, হরিণটি সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement