মহারাজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান শরিফুল
খুলনা ব্যুরো :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন শরিফুল আলম।
কপোতাক্ষ নদের তীরবর্তী আটরা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া শরিফুল আলম জানান, ইউনিয়নের মানুষের মৌলিক চাহিদা পূরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হয়েছেন। এলাকাবাসীর অনুরোধেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মহারাজপুর ইউনিয়নকে উপজেলার রাজনৈতিক ‘সুতীকাগার’ হিসেবে উল্লেখ করে স্থানীয়রা বলেন, দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় এবার শিক্ষিত, পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতৃত্ব দেখতে চান তারা। ইতোমধ্যে শরিফুল আলম ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা শরিফুল আলম ১৯৯৪ সালে কপোতক্ষ মহাবিদ্যালয় ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন। পরে তিনি কয়রা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সহ-সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাপ্তাহিক উপকূল বার্তা পত্রিকার সম্পাদক এবং কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি।
রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিক মামলা ও হামলার শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। শরিফুল আলম বলেন, দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপ দিতে কাজ করবেন। তিনি দলীয় হাইকমান্ডের সুদৃষ্টি ও ইউনিয়নবাসীর দোয়া কামনা করেছেন।