হাম-রুবেলা টিকা সফল করতে ধর্মীয় নেতাদের সহযোগিতা চান কেসিসি প্রশাসক

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন   |   খুলনা

হাম-রুবেলা টিকা সফল করতে ধর্মীয় নেতাদের সহযোগিতা চান কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার শিশুদের টিকার আওতায় আনতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। একটি শিশুও যেন হাম-রুবেলা টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

রোববার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ সভার আয়োজন করে।

কেসিসি প্রশাসক বলেন, ধর্মীয় নেতারা সমাজের সম্মানিত ব্যক্তি এবং সাধারণ মানুষ তাদের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। তাই স্থানীয় পর্যায়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের হাম-রুবেলা টিকার আওতায় আনতে ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত খুলনা মহানগরীসহ সারা দেশে অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইসলামিক ফাউন্ডেশন খুলনার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব এবং বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফ। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। সভায় নগরীর বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement
Advertisement