হাম নিয়ন্ত্রণে টিকা নিশ্চিতের দাবি, খুলনায় মানববন্ধন
খুলনা ব্যুরো :
খুলনায় হামের প্রাদুর্ভাব রোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম জোরদারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ। ১৯ এপ্রিল রবিবার সকাল ১০টায় নগরের শামসুর রহমান রোডে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও অভিভাবকেরা অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহে ব্যর্থতার কারণে বর্তমানে হামের সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতির দিকে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন। দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করে সম্ভাব্য মহামারী পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট খান মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিরাজ উদ্দিন সেন্টু, জামাল মোড়ল ও মোতাহার রহমান বাবু। এ সময় আবু হারুনার রশিদ, এম এম হাসান, আকন মনিরুজ্জামান, তরিকুল ইসলাম তারেকসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দাবিতে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুনরায় কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।