খুলনায় দায়িত্ব পালন অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত
খুলনা ব্যুরো :
খুলনা রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্ব পালনরত এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তিনি খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি, সোনাডাঙ্গা থানা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল সম্রাট বিশ্বাসকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক বক্তব্য ও স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, নিজের ব্যবহৃত সরকারি অস্ত্র থেকেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।
এদিকে স্থানীয় সূত্র জানায়, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।