সংবাদ শিরোনাম

খুলনায় জলবায়ু সহযোগিতা জোরদারে জার্মান পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে কেসিসির মতবিনিময়

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় জলবায়ু সহযোগিতা জোরদারে জার্মান পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে কেসিসির মতবিনিময়

খুলনা ব্যুরো :

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই নগর উন্নয়ন নিয়ে জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সভায় অংশ নেয় ফেডারেল রিপাবলিক অব জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দল, যারা বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে।

সভায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, খুলনা দেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ নগরী। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এ অঞ্চলের প্রধান চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাধানের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি জানান, ২০১০ সাল থেকে জার্মান সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন জলবায়ু সহনশীল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় কেসিসির পক্ষ থেকে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, প্রকৃতি নির্ভর সমাধান, আধুনিক ড্রেনেজ ও পানি ব্যবস্থাপনা, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনায় জার্মান সহযোগিতা কামনা করা হয়।

জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান ও প্রতিনিধি দলের টিম লিডার মাইকেল থিউসসহ কমিটির সদস্যবৃন্দ সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রিদিগার লটজ, জার্মান দূতাবাস ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রতিনিধিরা এবং কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. জাকির হোসেন।

উল্লেখ্য, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি শহরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কার্যক্রম সম্পর্কে সরেজমিন ধারণা নিচ্ছে। বিকেলে তারা জার্মান সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়িত নগরীর বিভিন্ন জলবায়ু সহনশীল প্রকল্প এলাকা পরিদর্শন করেন।