মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন, পিবিআই কর্মকর্তাকে সম্মাননা
খুলনা ব্যুরো :
খুলনা অঞ্চলে আলোচিত মস্তকবিহীন এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এক কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম সভায় পিবিআই খুলনার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) রেজোয়ানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। এ সময় পিবিআই খুলনা জেলার ইউনিট ইনচার্জ রেশমা শারমিন, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।
তদন্ত সূত্র জানায়, দীর্ঘদিন নিখোঁজ থাকা সালেহা বেগমের পরিবারের দায়ের করা অপহরণ মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। তথ্য-উপাত্ত বিশ্লেষণ, নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেইস ও বেওয়ারিশ লাশের রেকর্ড পর্যালোচনার মাধ্যমে বটিয়াঘাটা থানায় দাফন করা একটি অজ্ঞাত লাশের সঙ্গে নিখোঁজ নারীর পরিচয়ের মিল পাওয়া যায়।
পরবর্তীতে মামলার প্রধান আসামি লালন গাজীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী সিজার মোল্লাকেও গ্রেফতার করা হয়। আদালতে উভয় আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে জটিল এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করায় সংশ্লিষ্ট কর্মকর্তার এ সাফল্য আইনশৃঙ্খলা বাহিনীর মহলে প্রশংসিত হয়েছে।