কুয়েটকে আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ভিসির

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটকে আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ভিসির

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করার লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা সরাসরি ভাইস-চ্যান্সেলরের কাছে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি এবং দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা ও সঠিক দিকনির্দেশনাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারে। তিনি বলেন, শিক্ষার্থীদের মতামত ভবিষ্যতের একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, একাডেমিক কার্যক্রম, আবাসন সুবিধা, চিকিৎসাসেবাসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। কুয়েটকে বিজ্ঞানচর্চা ও গবেষণাভিত্তিক আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র-কল্যাণ কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল আলম।

এ সময় লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র-কল্যাণ কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা এবং ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী পরিচালক (ছাত্র-কল্যাণ) শাহ মুহাম্মদ আজমত উল্লাহসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement