সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে বনদস্যুদের গুলিতে আহত জেলে
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণে যান আতিয়ার রহমান। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা অন্যান্য জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান তাদের কার্যালয়ে এলে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পাশাপাশি শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা চরম ঝুঁকির মুখে পড়েছে।