সংবাদ শিরোনাম

খুলনা প্রেসক্লাবে নির্বাচনহীনতা, দেড় বছর ধরে অন্তর্বর্তী কমিটি

 প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন   |   খুলনা

খুলনা প্রেসক্লাবে নির্বাচনহীনতা, দেড় বছর ধরে অন্তর্বর্তী কমিটি

খুলনা ব্যুরো :

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর খুলনা প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন কমিটি। মাত্র তিন মাসের জন্য গঠিত ওই কমিটি একাধিকবার মেয়াদ বাড়িয়ে প্রায় দেড় বছর ধরে ক্লাবের কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকজন পেশাদার সাংবাদিককে আইনবহির্ভূতভাবে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অনেকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ নিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর ক্লাবের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তিন মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। ওই কমিটির দায়িত্ব ছিল নির্ধারিত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও নির্বাচন না দিয়ে একই কমিটি দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছে বলে অভিযোগ উঠেছে।

খুলনা প্রেসক্লাবের এক সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক জানান, ক্লাবের গঠনতন্ত্রের ৯ ধারার (খ) উপধারা অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ ৪৫ দিনের বেশি হওয়ার সুযোগ নেই। ওই সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও তা করা হয়নি। ফলে নির্ধারিত সময় অতিক্রমের পর থেকে আহ্বায়ক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—গঠনতন্ত্র সংশোধন ছাড়া সাধারণ পরিষদ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু সাধারণ পরিষদের দোহাই দিয়ে অগঠনতান্ত্রিকভাবে একটি সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাখা অনভিপ্রেত এবং গঠনতন্ত্র পরিপন্থী।

প্রেসক্লাবের একাধিক সদস্য ও পেশাদার সাংবাদিক দ্রুত সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়েছেন।