দিঘলিয়ায় ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন   |   খুলনা

দিঘলিয়ায় ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

খুলনা ব্যুরো :

খুলনার দিঘলিয়া উপজেলা-য় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, সাজ্জাদ ও আলামিনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য তিনি একটি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা তালা ভেঙে ভেতরে ঢুকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।