খুলনার ছয়টি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন
খুলনা ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছয় আসনে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ৮৪০টি ভোটকেন্দ্রে ৪ হাজার ২৫৭টি ভোটকক্ষ স্থাপন করা হয়। এর মধ্যে ৭০৯টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, যা থেকে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি মনিটরিং করে।
এছাড়া ২১৪টি কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ৭৯টি এবং জেলা পুলিশের ১৩৫টি বডি-ওর্ন ক্যামেরা মাঠে ছিল।
ভোটকেন্দ্রের ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। কেন্দ্রের বাইরে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
এবারের নির্বাচনে ৫৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। অধিকগুরুত্বপূর্ণ কেন্দ্রে ৫ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন এবং সাধারণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন, যাদের মধ্যে ৩ জন অস্ত্রধারী ছিলেন।