খুলনা নিক্সন মার্কেটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
খুলনা ব্যুরো :
নগরীর ২১ নম্বর ওয়ার্ডের নিক্সন মার্কেট এলাকায় প্রতিপক্ষের হামলায় বাবুল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পানি ছিটানোকে কেন্দ্র করে স্থানীয় গামার পরিবারের এক সদস্যের সঙ্গে বাবুল মোল্লার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হলেও রাতের দিকে তা আবার সংঘর্ষে রূপ নেয়।
নিহতের পরিবারের অভিযোগ, রাত সাড়ে ৮টার দিকে সাব্বির, গামা, কুদ্দুস, রেখা, কালা, নাসু, নিলা ও রমজানসহ কয়েকজন সংঘবদ্ধভাবে বাবুল মোল্লার ওপর হামলা চালায়। তারা কিল-ঘুষির পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাবুল মোল্লাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল মোল্লার চার কন্যা সন্তান রয়েছে। তার মেয়েরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তাদের বাবাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।