সংবাদ শিরোনাম

কুয়েটে শেষ হলো আন্তর্জাতিক সিভিল ইঞ্জিনিয়ারিং সম্মেলন

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন   |   খুলনা

কুয়েটে শেষ হলো আন্তর্জাতিক সিভিল ইঞ্জিনিয়ারিং সম্মেলন

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ তিন দিনব্যাপী ৮ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ICCESD 2026) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং পোলস অ্যান্ড কনক্রিট লিমিটেড (পিসিএল), কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড (কেএসএমএল), গ্লোরি পোলস লিমিটেড (জিপিএল) ও সেভেন রিংস সিমেন্ট-এর সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে কনফারেন্সটির আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনফারেন্স সেক্রেটারি প্রফেসর ড. এইচ. এম. ইকবাল মাহমুদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন কনফারেন্স চেয়ার ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী হামিদুল বারী। এছাড়া সমাপনী বক্তব্য দেন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জহির উদ্দিন।

তিন দিনব্যাপী সম্মেলনে মোট ৪২টি টেকনিক্যাল সেশনে ৩৩৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এর মধ্যে সেরা চারটি গবেষণাপত্রকে পুরস্কৃত করা হয়। সম্মেলনে সরাসরি ও ভার্চুয়ালি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ অংশগ্রহণ করেন।

এর আগে, ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স চেয়ার প্রফেসর ড. কাজী হামিদুল বারী।