খুলনা মেট্রো পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন   |   খুলনা

খুলনা মেট্রো পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনার পুলিশ লাইন্স মাঠে মেট্রো পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি সুষ্ঠু বিনোদনের অন্যতম মাধ্যম। সুস্থ সমাজ ও দেশ গঠনে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের পুরস্কার বিতরণ পর্বে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে। খেলাধুলা মাদক ও অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জাকিয়া সুলতানা, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ছয়রুদ্দীন আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মো. গোলাম মোর্শেদ, মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।