সংবাদ শিরোনাম

তরুণদের ভোটেই নতুন বাংলাদেশ গড়বে বিএনপি: মঞ্জু

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন   |   খুলনা

তরুণদের ভোটেই নতুন বাংলাদেশ গড়বে বিএনপি: মঞ্জু

মাসুদ আল হাসান, খুলনা :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহী তরুণ ভোটাররা। বেকারত্ব, কর্মসংস্থান সংকট ও শিক্ষার সীমাবদ্ধতায় তরুণরা আজ অসহায় অবস্থায় রয়েছে। এই বাস্তবতা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির নির্দেশনা দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রূপসা পাইকারি মৎস্য আড়ত এলাকা এবং পরে নতুন বাজার ও ১ ও ২ নম্বর কাস্টম ঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের পর অনুষ্ঠিত এই নির্বাচন শুধু বিএনপির নয়, পুরো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে। জনগণ চায় একটি স্বনির্ভর, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ।

তিনি বলেন, খুলনা একটি শিল্পবন্দর নগরী হলেও গ্যাসের অভাবে শিল্পায়ন থমকে আছে। গ্যাস না থাকায় নতুন কলকারখানা গড়ে ওঠেনি। বিএনপি ক্ষমতায় এলে খুলনাকে শিল্পনগরী, বাণিজ্যিক ও বিনিয়োগবান্ধব শহরে রূপান্তর করা হবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত খুলনা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

এ সময় বিএনপির থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ গণসংযোগে অংশ নেন।