খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও সৃষ্টিশীলতা বাড়ায় : কেসিসি প্রশাসক
খুলনা ব্যুরো :
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ বলেছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাদকাসক্তি ও বিপথগামিতা থেকে দূরে রাখে। তিনি বলেন, জীবনে সফল হতে হলে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ জরুরি।
২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মনোযোগ সহকারে শোনেন এবং নতুন অধ্যক্ষের তত্ত্বাবধানে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অধ্যক্ষ প্রফেসর ড. মো. শাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।