কালিয়ায় গাঁজার গাছ চাষের অভিযোগে আটক ১ ; জেল ও জরিমানা
খুলনা ব্যুরো :
নড়াইলের কালিয়া উপজেলায় বসতবাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি) ছোট কালিয়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে প্রায় ১২ ফুট উচ্চতার এবং ৮ কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আটক বাসুদেবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস ১ বছর ৪ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।