সংবাদ শিরোনাম

প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন   |   খুলনা

প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য

খুলনা ব্যুরো :

খুলনার মহেশ্বরপাশা সাহাপাড়া শ্রীশ্রী শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষে মানুষে হৃদ্যের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

শুক্রবার (১৬ জানুয়ারি) মহেশ্বরপাশা সাহাপাড়া শ্রীশ্রী শীতলা মন্দির কমিটির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

রকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হলেও রাষ্ট্র সবার। প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, কোনো সংখ্যালঘু-সংখ্যাগুরু ভেদাভেদ ছাড়া এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে নিজ নিজ ধর্মীয় আচার পালন করতে পারবেন।

গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশ্বরপাশা কালীবাড়ি পূজা ও মন্দির কমিটির সভাপতি প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এবং ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যনন্দন দত্ত। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই দিন সকালে ১২ নম্বর ওয়ার্ডের খালিশপুর প্রভাতী মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম বকুল।

পরে বিকেলে খালিশপুর থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিমের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মঞ্জু।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।