কালাবগিতে অবৈধ কাঁকড়া উদ্ধার ; আটক ৫
খুলনা ব্যুরো :
সুন্দরবন সংলগ্ন কালাবগি এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ জন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৫) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (৯ জানুয়ারি ২০২৫) রাত ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া উদ্ধার করা হয় এবং এ ঘটনায় ৫ জন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, সংগ্রহ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
উদ্ধারকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।