সংবাদ শিরোনাম

যশোরে তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ও মৃত্যুর সংখ্যা

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন   |   খুলনা

যশোরে তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ও মৃত্যুর সংখ্যা

খুলনা ব্যুরো :

যশোরে জেঁকে বসেছে তীব্র শীত। কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে জেলায় বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। এতে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে এবং মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে যশোরে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মিললেও উত্তরের ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে ৯ জানুয়ারি শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শতাধিক রোগী ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। ভর্তি রোগীদের মধ্যে ৫৪ জন শিশু।

হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি ঠান্ডাজনিত ও ফুসফুসে সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে কয়েকজন বয়স্ক রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। স্বজনদের অভিযোগ, তীব্র শীতের কারণেই তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীদের স্বজনরা জানান, তীব্র শীতের কারণে শিশুদের সর্দি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েছে। ফলে অনেক শিশুকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ বলেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। বিশেষ করে বয়স্করা ফুসফুস সংক্রমণ ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছেন। তিনি শীতের সময় ঘরে ও বাইরে চলাচলে সতর্কতা অবলম্বন এবং ঠান্ডাজনিত ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।