আলমডাঙ্গায় শ্বাসরোধে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের একটি বিলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৪১ বছর। তার গলায় বেল্ট পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে নীল রঙের জিন্স প্যান্ট, সাদা গেঞ্জি, কালো হুডি ও নীল রঙের জ্যাকেট ছিল।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।